কবি ও সাংবাদিক: মোঃ জাহিদ হোসেন
দীর্ঘদিন ধরে টঙ্গী স্টেশন রোডে ফ্লাইওভারের নিচের সড়কটি ভাঙাচোরা, কাদাময় ও জলাবদ্ধ অবস্থায় থাকায় যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। প্রতিদিনই যাত্রী, চালক ও এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
প্রায় দুই সপ্তাহ আগে দৈনিক স্বাধীন সময় পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যেন গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।
স্থানীয়দের মতে, গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টঙ্গী স্টেশন রোডের এই সংস্কার উদ্যোগ তারই একটি ইতিবাচক উদাহরণ।

