শওকতুল ইসলাম,চকরিয়া, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা ফেরাতে তৎপর রয়েছে চকরিয়া থানা পুলিশ।প্রতিনিয়ত চলছে বিশেষ অভিযান।অভিযানের সূত্র ধরে অপহরণকৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায়।
এসময় অপহরণ ঘটনায় জড়িত অভিযোগে রমজান আলী (৩৫) নামে অপহরণ চক্রের এক সদস্যকে একটি দেশীয় বন্দুকসহ গ্রেফতার করতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ।
স্হানীয়সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার মালুমঘাট পূর্বপাড়ায় একটি ঘরে এক নারীকে অপহরণ করে একটি চক্র। এবিষয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের করেন ভোক্তভোগী নারীর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ঘরে তালাবদ্ধ অবস্থা থেকে অপহ্নত এক নারীকে উদ্ধার ও অপহরণে জড়িত রমজান আলীকে অস্ত্র সহ গ্রেফতার করে। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। বুধবার সন্ধ্যা ৭ টারও পরবর্তী সময় পর্যন্ত পুলিশকে ঐ এলাকায় অভিযান চালাতে দেখা যায়। পরবর্তীতে অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে অপহরণকৃত নারীকে উদ্ধার এবং ঘটনায় জড়িত রমজান আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে জোর অভিযান চলছে।

