সজিব আহমেদ ভালুকা (ময়মনসিংহ):
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে স্বেচ্ছাসেবক দল সাধারণ মানুষের পাশে থেকে দেশের জন্য কাজ করে যাবে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)। তাঁরা ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং সদস্য সচিব সোহেল খাঁন। তাঁরাও দলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কর্মীসভার সভাপতিত্ব করেন আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক বকুল। সভায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

