swadhinshomoy
22nd Sep 2025 2:52 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ রেজাউল হক রহমত, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
২১ সেপ্টেম্বর, রবিবার বিকাল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদরের আদালতের পুকুর পাড় এলাকায় অবস্থিত “বউসাজ বিউটি পার্লার” থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। অভিযানের পর পার্লারে কর্মরত তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
পার্লারের এক কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী একটি ব্যাগ হাতে পার্লারে প্রবেশ করে ফেস ওয়াশ করাতে চান। কিছুক্ষণ পর তিনি মোবাইলে একটি কল রিসিভ করে “পাঁচ মিনিটে ফিরে আসবেন” বলে ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে যান। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।
পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারের ভেতর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে জাল টাকা, পিস্তল ও গুলি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা এক তরুণী ব্যাগটি নিয়ে পার্লারে প্রবেশ করেন। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া ব্যাগটি ওই তরুণীরই বহন করা ছিল।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

