মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ ইং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক গণসংবর্ধনা ও শুভেচ্ছা মিছিল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং আহ্বায়ক, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এই বিশাল কর্মসূচিতে অংশ নেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী।
ভোরবেলা থেকেই রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও থানা এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমবেত হতে থাকেন। পূর্বাচল ৩০০ ফিট সড়ক এলাকায় পৌঁছালে পুরো এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সড়ক ও আশপাশের এলাকা।
মিছিল চলাকালে জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন,
“আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন অধ্যায়ের সূচনা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে উৎপাদনমুখী কাজে যুক্ত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে বিএনপির আগামী দিনের প্রধান লক্ষ্য। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান—দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই বিশাল মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন পর রূপগঞ্জে এমন জনসমাগম দেখা গেল, যা প্রমাণ করে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা এখনো অটুট রয়েছে।
দিনভর এই কর্মসূচিকে ঘিরে পূর্বাচল ৩০০ ফিট সড়ক এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, যা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

