মোঃ সাজোয়ার বাবু রিপোর্টার নারায়ণগঞ্জ:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জননেতা তারেক জিয়া পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদের আহবায়ক মোঃ মাহবুব, মিসির আলি মাতব্বর ও আমির হোসেনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তাঁর নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক মোঃ মাহবুব। তিনি বলেন,
“তারেক রহমান শুধু বিএনপি’র নেতা নন, তিনি আজ নিপীড়িত জনগণের আশা-ভরসার নাম। তাঁর দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হবে।”
মিসির আলি মাতব্বর বলেন,
“দীর্ঘদিন ধরে দেশের মানুষ যেই নেতৃত্বের অপেক্ষায় ছিল, আজ সেই নেতৃত্বের ফিরে আসার দিন ঘনিয়ে এসেছে। আমরা এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আরও বড় আন্দোলন গড়ে তুলবো।”
আমির হোসেন বলেন,
“নারায়ণগঞ্জের প্রতিটি নেতাকর্মী তারেক রহমানের ডাকে রাজপথে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে প্রস্তুত। আজকের এই শুভেচ্ছা মিছিল তারই প্রমাণ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, সুমন মিয়া, নাসির মিয়া, জামান মিয়া, আলি হোসেন আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। তাঁরা বলেন, দলের এই ঐক্যই আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
শুভেচ্ছা মিছিলটি পূর্বাচল ৩০০ ফিট সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত পথসভা করে। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে—
“তারেক রহমান ফিরছে দেশে, গণতন্ত্র ফিরবে দেশে”,
“দেশ বাঁচাও, মানুষ বাঁচাও—তারেক রহমানকে সামনে আনো”।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জে আরও ধারাবাহিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে

