মোঃ রাজু হোসেন, রায়পুর উপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এর ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের হায়দরগঞ্জ বাজারে দীর্ঘ প্রায় ৩–৪ মাস ধরে নাইট গার্ড না থাকায় রাতের বেলায় চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন ব্যবসায়ীরা। বাজারে নিয়মিত পাহারা না থাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাশেম বেপারী বাজারের নিরাপত্তা জোরদারে একসাথে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থা করেন।
নাইট গার্ডদের সাথে কথা বলে জানা যায়, তারা গত ৫ মার্চ থেকে আগামী ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন রাতে হায়দরগঞ্জ বাজার এলাকায় দায়িত্ব পালন করবেন। রাতভর বাজারে টহল দিয়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। উল্লেখ্য, নাইট গার্ডদের বেতন ও অন্যান্য খরচ বহন করছেন মোঃ কাশেম বেপারী।
বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর বাজারে রাতের পাহারা ব্যবস্থা চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। ব্যবসায়ীরা বলেন, এতে করে অন্তত এই কয়েকদিন তারা চিন্তামুক্তভাবে বাড়িতে ঘুমাতে পারবেন।
তারা আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বাজারের নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত করতে স্থায়ী নাইট গার্ড নিয়োগ এবং একটি বণিক সমিতি গঠন করা জরুরি।

