রাঙ্গামাটি:
রাঙ্গামাটির বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় মদ্যপ অবস্থায় এক প্রতিবন্ধী যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে মোঃ বেলাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভুষনছড়া সরকারপাড়া রাস্তার মুখে (ভাঙ্গা ব্রিজ এলাকায়) এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ বেলাল হোসেন (পিতা: মৃত সেকেল মোল্লা) মদ্যপ অবস্থায় একই এলাকার আশরাফুল ইসলাম সবুজ (পিতা: আঃ হক সরকার)-কে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একপর্যায়ে সবুজ মৌখিকভাবে প্রতিবাদ করলে বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মারধরের একপর্যায়ে সবুজ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যদিও তার মাথায় দৃশ্যমান রক্তক্ষরণ বা ফাটার ঘটনা ঘটেনি, তবে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন।
পরে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অজ্ঞান অবস্থায় থাকা সবুজকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে স্থানীয় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
জানা যায়, ভুক্তভোগী আশরাফুল ইসলাম সবুজ একজন শারীরিক প্রতিবন্ধী এবং তার নামে সরকারি পঙ্গু ভাতা নিবন্ধন রয়েছে। এমন একজন অসহায় ব্যক্তির ওপর হামলার ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার আগে বেলাল হোসেন মদ্যপ অবস্থায় দোকানঘাট এলাকায় পড়ে থাকলে এলাকাবাসী বিষয়টি সমাজের দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ বকুলকে অবহিত করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং মদ্যপদের সতর্ক করেন।
তবে কিছুক্ষণ পর বেলাল হোসেন পুনরায় এসে সবুজকে গালিগালাজ করেন এবং পরিস্থিতি আবার উত্তপ্ত করে তোলেন। এ সময় সবুজ প্রতিবাদ করলে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মদ্যপান করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষকে হয়রানি করে আসছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারসহ সচেতন মহল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

