মোঃরেজাউল হক রহমত
প্রতিবেদক: ব্রাক্ষণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর এলাকায় বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ডিপোতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং একটি সিলিন্ডারে পানি পাওয়ার অভিযোগে ডিলার বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বীন মুনসুর এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ডিপোতে বিক্রিত সিলিন্ডারের দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি একটি সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পানি থাকার বিষয়টিও ধরা পড়ে।
এ সময় ডিলার বাছির মিয়া জরিমানার বিষয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, তিনি কোম্পানির নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রি করছেন।
তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বীন মুনসুর জানান, সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি এবং একটি সিলিন্ডারে পানি পাওয়ার প্রমাণ মেলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তিনি জানান।

