আসাদুল ইসলাম কুষ্টিয়া।।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরো এক ধাপ এগিয়ে গেলো,কুষ্টিয়াবাসীর উন্নত স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন মাত্রা। আজ ২১ এপ্রিল সকালে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের আংশিক কার্যক্রম (এক্স-রে এবং আল্ট্রাসনোগ্রাফি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর ফলে স্থানীয় রোগীরা এখন আরও সহজে ও উন্নত পরিবেশে রোগ নির্ণয়ের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবির, অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: শহীদুল ইসলামসহ, সহকারী অধ্যাপক ডাক্তার মো নাসিমুল বারি বাপ্পী, সহকারী অধ্যাপক ডাক্তার মো মনিরুজ্জামান (ইমেজিং এন্ড রেডিওলোজী বিভাগ) সহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হলেও পর্যায়ক্রমে সিটি স্ক্যানসহ অন্যান্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষাও এখানে ক্রমান্বয়ে শুরু হবে বলে আমি আশাবাদি। কুষ্টিয়া মেডিকেল সকল ইউনিট চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালায় সহ সকলের সহযোগিতা কামনা করি, এখন থেকে নামমাত্র সরকারি মূল্যে পাওয়া যাবে নির্ভুল রোগ নির্ণয়ের নিশ্চয়তা।
আধুনিক চিকিৎসা সেবার এই প্রসারে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল বলে আমি মনে করি। সরকারি এই সেবাকে সুন্দরভাবে সচল রাখতে আপনাদের সকলের সহযোগিতা কাম্য করি।আমি আশা করি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবায় গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

