মোঃ নাজিম উদ্দিন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে টঙ্গী এলাকার একটি বস্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টায় মাদক কেনাবেচা, সেবন ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ১০৭ জনকে আটক করেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত পর্যন্ত ৩৩ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের বেশ কয়েকটি দল হাজীর মাজার বস্তিতে গত দুই দিন অভিযান চালায়। এর আগে গত মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা ছয় ঘণ্টার অভিযানে ৭৪ জনকে আটক করা হয়েছিল। দ্বিতীয় দফায় গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য, মাদক বিক্রির টাকা এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হাজীর মাজার বস্তি এলাকাটি মাদকের বড় আস্তানা হিসেবে পরিচিত। এলাকাটি অপরাধমুক্ত করতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় আটক ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

