মো ওমর খান সানি , তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে গত ২৩ থেকে ২৯ এপ্রিল সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতীশ দাস রাজিবের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানুর রহমান শুভ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তানভির আহম্মেদ সিদ্দিকী।এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরের শক্তি বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ক্ষয়পূরণের জন্য আমাদের প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

