পলাশ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া শুধু শহরের উন্নয়ন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়ক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের কল্যাণেও কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বাস্তবতা উপলব্ধি করেছেন বলেই তৃণমূল রাজনীতি প্রচলন করেছেন।তিনি বলেন, প্রায় ২০-২৫ বছর আগে তারেক রহমান দেশের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং তাদের দুঃখ-দুর্দশার বিষয়ে খোঁজ নেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।সড়ক উদ্বোধন শেষে ড. মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান প্রমুখ।

