রাকিব হাসান সাগর , নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে গাড়ি ছিনতাই চেষ্টার ঘটনার প্রধান আসামি আঃ রাহিম (২৯)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকালে তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (২২ মে) রাত ২:০০ টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হলো র্যাব।
চাঞ্চল্যকর সেই ছিনতাইয়ের ঘটনা
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। গাড়িটি কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে চালকের গলার একটি রগ কেটে যায়। চালক বাধা দিতে গেলে তার হাতেও ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ সময় চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাবের তৎপরতা ও গ্রেপ্তার
ঘটনার পরপরই জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১১-এর একটি আভিযানিক দল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান পরিকল্পনাকারী ও হামলাকারী আঃ রাহিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আঃ রাহিম কুমিল্লা জেলার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়: “প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপরাধীদের দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই নৃশংস ঘটনার পর আমরা দ্রুততম সময়ে আসামিকে ছুরিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

