মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টায় হাটহাজারী উপজেলার আমান বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও হাটহাজারীর গণমানুষের নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা।
মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বার্থে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মৃতিচারণ, শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনার এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

