আতিকুর রহমান
উপজেলা প্রতিনিধি,আলীকদম, বান্দরবান।
আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি নির্বাচন তফসিল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে মনোনয়ন ফরম সংগ্রহ, জমাদান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ফরম জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ জুন বিকেল ৫টা পর্যন্ত। ৬ জুন যাচাই-বাছাই এবং ৭ জুন প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ জুন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন ফরম সংগ্রহের স্থান নির্ধারণ করা হয়েছে আদর্শ লাইব্রেরি (ওয়াফদা গেট) এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ হলরুমে।
নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরমের মূল্য ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক পদে ৩,০০০ টাকা এবং কোষাধ্যক্ষ পদে ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ জসিম উদ্দিন এবং নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করছেন মোঃ তৌহিদুল ইসলাম।
আলীকদম প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানা গেছে।

