মোঃ মোকলেছুর রহমান বাবু – নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নীলফামারী জেলার তিস্তা ব্যারাজ এলাকা ও জলঢাকা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা তিস্তা পাড়ের মানুষের জানমাল রক্ষায় স্থায়ী ও পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদীর ড্রেজিং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন ও বন্যা ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিস্তা নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধীজন।

