প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের পথে যাত্রা করেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। সরকারপ্রধানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুই দিনের এই সফরে প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে।
বিমানবন্দরে তাকে বিদায় জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়ায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরদিন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে, এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ বিষয়ক অনুরোধ জানানো হবে।
এছাড়া আসিয়ানে অংশীদারত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামোতে বাংলাদেশের অবস্থান জোরদার করার বিষয়েও আলোচনা তোলা হবে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি দেশে ফিরবেন।

