মোঃ রাজু হোসেন
প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়ে বিল্লাল মিশরী (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে রায়পুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্টার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মিশরী তরমুজ কিনতে আড়তে গেলে সেখানে ভাড়া নিয়ে দুই রিকশাচালকের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির শাহআলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) অপর এক রিকশাচালককে মারধর করছিল। পরিস্থিতি শান্ত করতে বিল্লাল মিশরী ও কবির মহুরী এগিয়ে গেলে রহমান ক্ষিপ্ত হয়ে বিল্লালকে বেধড়ক মারধর করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। তবে পথে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন আনোয়ার টিপু জানান, অভিযুক্ত রহমান বিল্লাল মিশরীকে চোখ, মুখ ও বুকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
নিহতের বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই তার ভাই বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম। তার সন্তানরা এতিম হয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত রহমান পলাতক থাকায় তার পিতা শাহআলম বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তার ছেলে অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

