মোংলা (প্রতিনিধি): আজ বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনের বিরুদ্ধে শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানিয়েছে। সাবেক ইউনিয়ন প্যানেল মেয়ের মোঃ আলাউদ্দিনসহ বক্তারা জানান, গত ১৭ বছর ধরে হাসপাতালে ব্যাপক অনিয়ম ও অনাচার চলছে।
মোঃ আলাউদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে ডাঃ শাহিন নিজের খেয়ালখুশিমতো এই সরকারি হাসপাতাল পরিচালনা করে আসছেন। নিজের মনোপুত লোক দিয়ে রোগীদের খাবারের ব্যবস্থা করছেন এবং রোগীদের সঙ্গে খারাপ আচরণ করছেন। সম্প্রতি আমার দলীয় একজন বিষপানকারী রোগী হাসপাতালে ভর্তি হলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এতে বাকবিতণ্ডা হয় এবং তার জেরে রোগীর পিতাসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।”
সরজমিন তদন্তে রোগীরা জানান, ডাঃ শাহিনের মেজাজ খিটখিটে এবং আচরণ ভালো নয়। তিনি দাম্ভিকতার সঙ্গে চলেন। সর্বক্ষণ হাসপাতালে ডাক্তার থাকেন না, তারা ক্লিনিকের ব্যবসার সঙ্গে জড়িত। ফলে সরকারি ফ্রি চিকিৎসা পেতে রোগীদের দারিদ্র্য পোহাতে হয়। এছাড়া, ঔষধ কোম্পানির লোকেরা এসে ডাক্তারদের সঙ্গে সময় ক্ষেপণ করে, যার ফলে রোগীরা সঠিক সেবা পান না।
বক্তারা দাবি করেন, দ্রুত ডাঃ মোঃ শাহিনকে অপসারণ করতে হবে। সঠিক তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের বসানো লোকদের চাকরি থেকে অপসরণের সাথে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা উচিত। সুশীল সমাজের জনগণ এতে একমত।

