বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি বোর্ড গঠন না হওয়ায় ক্ষোভ, দ্রুত পদক্ষেপের দাবি
মো: ইমতিয়াজ রহমান তারেক, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদোন্নতি বোর্ড গঠনের দাবি উঠেছে। সম্প্রতি উপাচার্যের নিকট দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুযায়ী নিয়মিতভাবে পদোন্নতি বোর্ড বসার কথা থাকলেও গত দুই বছরে কোনো বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের পেশাগত অগ্রগতি ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা তৈরি হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করার কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। একইসঙ্গে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পদোন্নতি প্রক্রিয়া চলমান থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তা স্থগিত রয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত পদোন্নতি বোর্ড গঠন করে যোগ্য প্রার্থীদের পদোন্নতি নিশ্চিত করার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে প্রশাসনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

