পুলক কুমার সরকার
জয়পুরহাট জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল/২৬
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত দিকনির্দেশনা ও লিগ্যাল এইড সেবার তথ্য দেওয়া হয়।
দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মোমেন ফকির ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।
আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটি থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন।
তিনি আরও জানান, গত এক বছরে এই কমিটি ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা, ১১২৪টি আইনি পরামর্শ, এডিআর প্রি-কেইস ৬৯৩টি, এডিআর পোস্ট-কেইস ৮৭টি নিষ্পত্তি করেছে। এছাড়া আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকার বেশি অর্থ উদ্ধার করে দেওয়া হয়েছে।

