নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজে প্রিন্সিপাল ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার পরিবেশ ও ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।
অভিযোগে জানা যায়, কলেজের কিছু সহকারী শিক্ষক নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকে ক্লাস ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করছেন। এছাড়া খণ্ডকালীন কয়েকজন শিক্ষক নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন না করেও বেতন গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে কলেজের কিছু শিক্ষক কোচিং বাণিজ্যে বেশি মনোযোগী হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধেও আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কলেজের বিভিন্ন খাতের অর্থ যথাযথভাবে ব্যয় না হওয়া, পরীক্ষার ফি সংক্রান্ত অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব এবং লাইব্রেরির উন্নয়নের পরিবর্তে অন্য খাতে অর্থ ব্যয়ের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব অভিযোগের কারণে কলেজের সামগ্রিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। তারা জানান, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।
সচেতন অভিভাবক ও এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি কলেজে সুশাসন নিশ্চিত করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ বিষয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত হয়ে শিক্ষার সঠিক পরিবেশ ফিরে পায়।

