মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের মহানগরীর আকবর শাহ থানার ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ‘হোটেল রয়েল পার্ক’-এর ৪০৯ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
পুলিশ আরো জানায়, নিহত দুজনের নাম রিপন ও সোনিয়া। তারা গতকাল রবিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তবে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

