বিপ্লব পোদ্দার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা এলাকায় নিখোঁজের তিন দিন পর পাটক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তৌহিদুল ইসলাম (২৪)।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত তৌহিদুল ইসলাম ভাটপাড়া গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, তৌহিদুল ইসলাম জাহাজে চাকরি করতেন এবং বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

