নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিল হাছান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পর্তুগাল প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল হাসান মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বারৈগাঁও (আজিজ ডাক্তার বাড়ি) এলাকার বাসিন্দা মোঃ আবুল হাসান দীর্ঘদিনের পরিচিত ও সু-সম্পর্কের সূত্র ধরে ঘিলাতলী (তালুকদার বাড়ি) এলাকার আরাফাত রহমানের সঙ্গে পর্তুগাল যাওয়ার বিষয়ে আলোচনা করেন। অভিযুক্ত আরাফাত রহমান ১৫ লাখ টাকার চুক্তিতে তাকে পর্তুগাল পাঠানোর আশ্বাস দেন।অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে মোট ৯ লাখ টাকা প্রদান করেন আবুল হাসান। এর মধ্যে ২০২৫ সালের ১৮ মার্চ ৫ লাখ টাকা, ২৯ মে ২ লাখ টাকা এবং পরবর্তীতে আরও ২ লাখ টাকা অভিযুক্তের ব্যাংক হিসাবে পাঠানো হয়।কিন্তু টাকা গ্রহণের পর অভিযুক্ত আরাফাত রহমান বিদেশে পাঠানোর বিষয়ে কোনো কার্যক্রম না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, বিষয়টি অভিযুক্তের পিতা দেলোয়ার হোসেনকে জানালে অভিযুক্ত মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে টাকা দাবি করা বা বিষয়টি অন্য কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে ভুক্তভোগী মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে মতলব দক্ষিণ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্য। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

