ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের সদর, ভূল্লী ও রানীশংকৈল উপজেলায় গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পৃথক ঘটনায় নারীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পাঁচ মাস ধরে নিখোঁজ চাকরির সন্ধান, ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার,
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, সদর শহরের একটি ভাড়া বাসা থেকে নুসরাত জাহান ইতি (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রানীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, চাকরির সন্ধানে প্রায় পাঁচ মাস আগে ইতি ঠাকুরগাঁও শহরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত ১৭ জুন পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলার পর তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯ জুন রাতে ইতির এক বান্ধবী ফোন করে পরিবারকে জানান যে, দুই দিন ধরে তিনি কক্ষ থেকে বের হচ্ছেন না এবং ফোনও ধরছেন না।
পরদিন স্বজনেরা তাঁর ভাড়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওড়না দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইতির মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। ইতির পরিবার জানিয়েছে, দীর্ঘ সময় চাকরি না পাওয়ার কারণে তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন। এ ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
অনলাইন জুয়ায় আর্থিক ক্ষতি, বিষাক্ত গ্যাস ট্যাবলেটে কৃষকের আত্মহত্যা
এদিকে ভূল্লী থানার কচুবাড়ি এলাকায় অনলাইন ক্যাসিনো বা জুয়ায় আসক্ত হয়ে মাহাবুর রহমান (৩৫) নামে দুই সন্তানের জনক এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণে পরিবারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছিল।
নিহতের বাবা হারুন অর রশিদ পুলিশকে জানান, শনিবার গভীর রাতে তাঁর ছেলে বমি ও পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে মাহাবুর স্বজনদের জানান যে, তিনি রাতের দিকে তিনটি ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।
মানসিক সমস্যায় ভোগা বৃদ্ধের আত্মহনন
অন্য এক ঘটনায় রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উঝাড়ী গ্রামে নাসির উদ্দিন (৬৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নানাভাবে চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হচ্ছিলেন না।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে তাঁকে খাবারের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাঁর কক্ষে প্রবেশ করেন। সেখানে ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামানো হয়। এ ঘটনায়ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তারা জানান, তিনটি ঘটকাতেই পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনপাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

