সুলাইমান পোদ্দার,তজুমদ্দিন
জাতীয় সংসদের স্পিকার, বীর মুক্তিযোদ্ধা এবং ভোলা-৩ আসনের সর্বজনশ্রদ্ধেয় সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত (অস্থায়ী) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার তজুমদ্দিনে আনন্দ মিছিল করা হয়েছে।
শুক্রবার বিকেলে মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ ও সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়লে তজুমদ্দিনের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এর পর আজ শনিবার বিকেল ৫:৩০ মিনিটে স্থানীয় নেতাকর্মী ও তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি তজুমদ্দিন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী আনন্দিত জনতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, তাঁর এই দায়িত্বগ্রহণ দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তজুমদ্দিনের মানুষের দীর্ঘদিনের প্রিয় নেতা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মিছিলে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন দিদার, ভোলা জেলা যুবদলের সহ সভাপতি হাসান সাফা পিন্টু, সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত,তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু বক্তব্য বলেন মিছিল শেষ হলেও আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এখন আমাদের মূল কাজ হলো—মেজর হাফিজের আদর্শ ও দিকনির্দেশনাগুলোকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমাদের সুশৃঙ্খল এবং সাহসী হতে হবে।

