বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ট্রাক চাপায় অরুণ চন্দ্র শীল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন, কাঠ বোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চায় মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে পরে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

