জিয়াউল হক,ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারী বাড়ির সংযোগ রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসীর চরম ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন কার্যত ডোবার মতো হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়, ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান সড়ক থেকে আবদুল লতিফ পাটোয়ারী বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা ও খানাখন্দে ভরা। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। জরুরি প্রয়োজনে কোনো যানবাহনও সময়মতো পৌঁছাতে পারে না।
স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানান, বহু বছর ধরে তারা এই রাস্তায় অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। ফলে এলাকাবাসী নিজেদের প্রতারিত মনে করছেন।
ভুক্তভোগী একজন ক্ষোভ প্রকাশ করে বলেন—
বাড়িতে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে কাঁধে বা কোলে করে প্রধান সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। এটা কি ২০২৫ সালের বাংলাদেশে মানানসই?”
এলাকাবাসী অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি। কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে কর্তৃপক্ষ। ফলে বছরের পর বছর ধরে জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।
লক্ষ্মীপুর গ্রামের ভুক্তভোগীরা রাস্তাটির জরুরি সংস্কারের দাবি জানিয়ে বলেন—
আমরা আর আশ্বাস চাই না, এবার দৃশ্যমান উন্নয়ন চাই। আমাদের সন্তানদের স্বাভাবিকভাবে স্কুল ও মাদরাসায় যাওয়া এবং অসুস্থ মানুষদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে।
এলাকাবাসী ছাগলনাইয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।

