মোঃ ইমরান হাসান, নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুজাহিদ কমিটির আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমোনাই (হা.)-এর আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাদ মাগরিব নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হলেও টানা বৃষ্টিতে মাঠ কাঁদায় ভরে যাওয়ায় তা স্থানান্তর করে নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে নান্দাইল ও আশপাশের এলাকা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় ৪৫ মিনিটের বয়ানে শায়খে চরমোনাই কুরআন ও হাদীসের আলোকে তাওহীদ, রিসালাত ও আখেরাত বিষয়ে দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন। বক্তব্য শেষে তিনি ময়মনসিংহ-৯ আসনের এমপি প্রার্থী মুফতি সাইদুর রহমানকে উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন।
মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখা ফুল দিয়ে পীর সাহেবকে সংবর্ধনা জানায়। একই সময়ে ইসলামী যুব আন্দোলন নান্দাইল উপজেলার সভাপতি মুফতি তারেক জামিলের নেতৃত্বে নতুন শতাধিক সদস্য ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
পীর সাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে রাত ৯টায় মাহফিলের সমাপ্তি হয়।

