সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকায় মাদকবিরোধী এক সফল অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুর জেলার শ্রীপুর থানার উদয়খালী গ্রামের মোঃ সজিব মিয়া (২৬), মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং একই থানার ডুমবারিরচালা গ্রামের মোঃ নাঈম খান (২৫)।পুলিশ জানায়, ভালুকা মডেল থানার এসআই মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল জামিরদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় তারা মাদক বেচাকেনার সময় ওই চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২,৯০০ টাকা।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শনিবার (১৬ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

