কামরুল হাসান,কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙনের কবলে হাজারো মানুষ। কেড়ে নিচ্ছে হাজারো মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, বসতভিটা সহ গরু-ছাগল-হাঁস-মুরগি।
৭টি নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছে, যেন ভোর হতে না হতেই হারিয়ে না যায় শেষ অবলম্বন ঘরবাড়ি। ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে ১৬ আগস্ট ২০২৫ (শনি বার) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার ৯টি ইউনিয়নের মানুষ।
বক্তারা সমাবেশে আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, চরের মানুষ বছরের পর বছর ধরে ঘরবাড়ি হারাচ্ছেন। প্রতিবার শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার আর কোন
প্রতিশ্রুতি নয় আমরা চাই বাস্তবায়ন। জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন, কেবল কথার ফুলঝুরি নয়, এখনই দরকার স্থায়ী বাঁধ নির্মাণ। তা না হলে হাজারো পরিবার পথে বসবে। সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন- “নদীভাঙন রুখবই, বাঁচাবই আমাদের অস্তিত্ব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা চর বিষয়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম খান, পৌর বিএনপির যুগা আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর অর্থ সম্পাদক আশরাফুল আলম ফুল ও দপ্তর সম্পাদক ইলিয়াস আলী সহ স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

