শেখ আহাম্মেদ চট্টগ্রাম
চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল মেকানিক আকাশ ঘোষ (২৬) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোঃ সানি ও তার দুই সহযোগী মোঃ ইউসুফ এবং শাকিল আলম ফয়সালকে মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, ১৪ নভেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ০১টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা এনায়েতবাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আকাশ ঘোষের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র্যাব-৭ দ্রুত বিশেষ গোয়েন্দা নজরদারি শুরু করে। তারই ধারাবাহিকতায় গত রাতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোঃ সানি (২৪)-কে গ্রেফতার করে। পরে সানির স্বীকারোক্তির ভিত্তিতে আরেকটি দল কোতোয়ালী থানার রেয়াজ উদ্দিন রোডের চৈতন্য গলি এলাকায় অভিযান পরিচালনা করে তার দুই সহযোগী—মোঃ ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)-কে গ্রেফতার করে।
র্যাব জানায়, নিহত আকাশ ঘোষ পেশায় মোবাইল মেকানিক এবং গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে সানি তার মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তনে আকাশকে ১৫০০ টাকা পরিশোধ করেন, যার একটি অংশ সে পরবর্তীতে দেওয়ার কথা বলে। ১৪ নভেম্বর রাতে বাকি পাওনা টাকা চাইতে গেলে সানি কৌশলে আকাশকে কসাইপাড়ার একটি নির্জন জায়গায় ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সানি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আকাশ ঘোষ হত্যাকাণ্ডে তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব-৭ জানিয়েছে।

