মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি মাদ্রাসায় ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একমাত্র আলিয়া মাদ্রাসা হিসেবে পরিচিত মুরাদনগর মোছলেম মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে ক্লাস চলাকালে স্থানীয় জাকির মিয়ার ছেলে আবুবকর (১২) মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী ইরফান (১৪) এর প্রতিবাদ করলে অভিযুক্ত কিশোর তার ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত এক শিক্ষক এগিয়ে আসলে অভিযুক্ত আবুবকর তাকে লক্ষ্য করেও অশালীন ভাষায় গালিগালাজ করে। বিষয়টি ওই শিক্ষক তাৎক্ষণিক মুরাদনগর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে মুরাদনগর থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে অভিযুক্তকে না পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে এবং বিষয়টি গুরুত্বসহকারে অবহিত করে।
এদিকে অভিযোগ উঠেছে, ঘটনার পর অভিযুক্তের পিতা জাকির মিয়া কিছু ব্যক্তির পরামর্শে থানায় গিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দায়ের করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, ঘটনাটি তদন্তের জন্য এএসআই আবু হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদ্রাসা চলাকালীন সময়ে আশপাশে অবস্থানকারী বখাটেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

