এ,টি,এম,হুমায়ুন কাদির
নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভা কার্যালয়ের পূর্ব পাশে মসজিদ থেকে সমবায় অফিসার রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হলেও তা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সড়কটি এখন প্রায় ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। রোগী, শিশু ও বয়স্কদের জন্য এই পথ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কের দুই পাশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। দ্রুত সড়কের দুই পাশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে এই সড়কে ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের গাফিলতি এবং পৌর প্রকৌশলীর উদাসীনতার কারণে কাজটি এখনো শেষ হয়নি। এতে করে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

