আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাঙ্গারি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়।ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক জাহাঙ্গীর শেখ,তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী।তার পিতা মান্নান শেখ,বাড়ি শিমুলিয়া ঘাট এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
মুহূর্তেই দোকানের ভেতরের সব মালামাল আগুনে পুড়ে যায়।স্থানীয় এক ব্যক্তি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর শেখ জানান,তার প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল ছিল।আগুনে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মিজ ফারজানা ববি মিতু।তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করেন।নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বাজারে অগ্নিনিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

