স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরিফ : ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন ও একটি মোটরসাইকেলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই সাফল্য অর্জন করে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ ফরহাদ হোসেন (৪৩) ও মোঃ সোহেল (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই আশুলিয়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন এবং ৫৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জি-পেথিডিন ইনজেকশনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা এবং জি-মরফিন ইনজেকশনের মূল্য প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৮৮, তারিখ ২১ এপ্রিল ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ৮(গ)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

