শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৩০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ দুপুরে আটককৃতদের যথাযথ পুলিশি পাহারায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন ১. মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা- মো. নূর মিয়া।
২. মো. টিটন (৪০), পিতা- মৃত গুলজুর আলী।
উভয়ই শাল্লা থানার আটগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
আটককালে হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. টিটনের হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯,০০০ (উনিশ হাজার) টাকা।
এই ঘটনায় এসআই মো. ইমাম আরেফিন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ১২। আটককৃতদের কে আজ (২১ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাল্লা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

