আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহতাবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মো. লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে। এছাড়া আরও ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ১জনের মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, নিহতদের মধ্যে ২জন পুরুষ ও ১ কন্যা শিশু রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

