নিজস্ব প্রতিনিধি, মোঃ তপছিল হাছান
চাঁদপুরের মতলব পৌরসভার ৫নং ওয়ার্ডের শীলমন্দি এলাকায় বাঁশঝাড় ও বিভিন্ন গাছপালা কেটে ভূমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির ইলিয়াস বেপারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে সরেজমিনে জানা যায়, মতলব পৌরসভার শীলমন্দি বেপারী বাড়ির অলি উল্লাহর পুত্র প্রবাসী সোলাইমান বেপারী ১০৯ নম্বর দাগে পাঁচ শতক সম্পত্তির বৈধ মালিক ও দীর্ঘদিনের ভোগদখলকারী। উক্ত সম্পত্তিতে তিনি বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে দখল বজায় রেখে আসছিলেন।
অভিযোগে আরও জানা যায়, বাঁশঝাড়ের কিছু বাঁশ পাশের বাড়িতে বসবাসরত ইলিয়াস বেপারীর পাকঘর ও বাথরুমের উপর হেলে পড়ায় সেগুলো অপসারণের জন্য তিনি সোলাইমান বেপারীকে অনুরোধ করেন। তবে সময়স্বল্পতার কারণে তাৎক্ষণিকভাবে বাঁশ কাটতে বিলম্ব হওয়ায় সেই সুযোগকে কেন্দ্র করে ইলিয়াস বেপারী নিজ উদ্যোগে পুরো বাঁশঝাড় উজাড় করে ফেলেন এবং কয়েকটি মূল্যবান গাছও কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে তিনি উক্ত জমি নিজেদের দাবি করতে শুরু করেন বলেও জানায় ভুক্তভোগী পরিবার।
এদিকে কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, উল্লেখিত দাগের পাঁচ শতক সম্পত্তিসহ আশপাশের আরও কয়েকটি দাগে সোলাইমান বেপারীর বৈধ মালিকানা বিদ্যমান রয়েছে।
অভিযোগের বিষয়ে ইলিয়াস বেপারী বলেন,
“সম্পত্তির সীমানা নির্ধারণ ও মাপজোখের ভিত্তিতেই বাঁশঝাড় ও গাছ কাটা হয়েছে।”
তবে সোলাইমান বেপারীর দাবি, মাপজোখের সময় তাদের কোনো প্রতিনিধিকে উপস্থিত রাখা হয়নি এবং বিষয়টি পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

