নীলফামারী প্রতিনিধ, মো :মোকলেছুর রহমান বাবু
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মেজবাহুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পেলেই মাদক প্রতিরোধ সহজ হবে। পরে তিনি শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের মাঝে “মাদককে না বলুন” লেখা সম্বলিত ব্যাগ, খাতা, কলম এবং মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

