ফখরুদ্দিন হৃদয়,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ শৈলকুপায় আবারও একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ২০ মে বুধবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, পুরাতন বাখরবা গ্রামের জনৈক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘের মুখোমুখি হন তিনি। মেছোবাঘটি দৌড়ে পালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে মেছোবাঘটি তার দিকে আক্রমণ করতে এগিয়ে গেলে গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, আশপাশের ঝোপঝাড় কিংবা খাদ্য সংকটের কারণে মেছোবাঘটি লোকালয়ে চলে আসতে পারে।
শৈলকুপা বনবিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, মুঠোফোনে বিষয়টি জানতে পেরেছি। গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে, যা দুঃখজনক। জীবিত অবস্থায় আটক করা গেলে ভালো হতো।

