নীলফামারী প্রতিনিধি: মো: মোকলেছুর রহমান বাবু নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন ব্রিজের ওপর থেকে মোঃ সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টুপামারী এলাকার বন বিভাগ মহল্লার মৃত জমির উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সুমন ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ২ জুন ২০২৬। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

