এ,টি,এম, হুমায়ুন কাদির – নান্দাইল উপজেলা প্রতিনিধি
নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ধীতপুর বড়াইল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির।
সোমবার (২২ জুন) বিকেল ৫টায় মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর নির্দেশনায় তিনি ধীতপুর বড়াইল গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন গভীর রাতে গ্রামের বাসিন্দা রবিকুল ইসলাম রবির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবি পেশায় একজন সিএনজি চালক এবং সপরিবারে ঢাকায় বসবাস করেন। ঘটনার সময় বাড়িটি বন্ধ ছিল। এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে এনামুল কাদির ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি মন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেন তারা।

