মোঃ কামরুল ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত অনুদানের চেক জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে জাতীয় দৈনিক সকালের বার্তা পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম অনুদানের চেক গ্রহণ করেন।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহীদ এম. মনসুর আলী মিলনায়তন (এ. কে. শামসুজ্জোহা হলরুমে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার লালন।
অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় জেলার মোট ৮০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৪০ টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের আশ্বাস দেন।

