সাংবাদিক মোঃ জাহিদ হোসেন – ঢাকা
জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ আজ আবারও শোকাহত। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন উত্তরা প্রেসক্লাবের দুই সদস্য— সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক শাকিবুল হাসান এবং প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল আলম রাজু।
জানা যায়, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উত্তরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময়ে তাদের এই আকস্মিক মৃত্যু সাংবাদিক মহলে গভীর শোক ও বেদনার সৃষ্টি করেছে।
মৃত্যু মহান আল্লাহ তাআলার অবধারিত বিধান। তবে অবহেলা, বেপরোয়া যানবাহন কিংবা নিরাপত্তাহীন সড়ক ব্যবস্থার কারণে সংঘটিত এমন মৃত্যু সহজে মেনে নেওয়া যায় না। দুটি সম্ভাবনাময় প্রাণের এভাবে ঝরে পড়া শুধু দুটি পরিবারের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
সাংবাদিকদের মধ্যে এখন একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— এই মৃত্যুর দায়ভার কে নেবে? সড়কে প্রাণহানির এমন ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।
সাংবাদিক সমাজ আশা করছে, জাতীয় প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো এই মর্মান্তিক ঘটনার বিষয়ে যথাযথ ভূমিকা পালন করবে, নিহত দুই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবে।
পরিশেষে, মরহুম শাকিবুল হাসান ও মোঃ রবিউল আলম রাজু-এর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন। আমরা শোকাহত দৈনিক স্বাধীন সময় পরিবার।

