মোঃআব্বাসউদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর মাঝখানে নৌকায় নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীসহ দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিব নামে এক যুবককে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা এলাকার ১৬ বছর বয়সী ওই কিশোরী একজন নৃত্যশিল্পী। সরাইল থানাধীন একটি বাড়িতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তার দলকে ৯ হাজার টাকায় চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দলের আরও দুই সদস্যকে নিয়ে সরাইলে আসেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে রাকিব নামে এক যুবক তাদের গ্রহণ করে সরাইলের শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে যান। সেখানে রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে দ্রুত নদীপথে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠতে বলেন।
অভিযোগে বলা হয়, নৌকাটি শাহবাজপুর ব্রিজ থেকে প্রায় ৩০ থেকে ৪০ গজ দূরে তিতাস নদীর মাঝামাঝি পৌঁছানোর পর ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। পরে নৌকার ছাউনির ভেতরে নিয়ে দুই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় তাদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে তার গলায় ধারালো অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীর মাঝখানে নৌকার ভেতরে অভিযুক্তরা দুই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে রাত আনুমানিক ৮টার দিকে তাদের নাসিরনগর থানাধীন গোকর্ণঘাট নদীর পাড়ে নামিয়ে দিয়ে অভিযুক্তরা চলে যান।
ঘটনার পর ভুক্তভোগীরা নাসিরনগর থানায় গেলে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে ভুক্তভোগীর দেওয়া এজাহারের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় মামলা নম্বর-১০ রুজু করা হয়।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-০৩)-এর ৯(৩) ধারায় করা হয়েছে।
সরাইল থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূইয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

