রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সারা দেশের ন্যায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৪ মার্চ ২০২৬ থেকে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু হয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা, আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, “ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে মশার প্রজনন অনেকাংশে রোধ করা সম্ভব।”
তিনি আরও জানান, এ ধরনের পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

