শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলায় স্মৃতিসৌধের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত থেকে এই প্রকল্পের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। । দোহার পৌরসভার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা চত্বর পরিদর্শন করেন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একটি বিশেষ দল নানা কৌশল অবলম্বন করে রাজপথের ভয় দেখিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, বিগত নির্বাচনে তারা বিএনপির ওপর ভর করেই কেবল হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল। নিজস্ব একক কোনো শক্তি তাদের নেই।” তিনি দৃঢ়ভাবে করে বলেন, “বিএনপি রাজপথ থেকে গড়ে ওঠা একটি শক্তিশালী দল। তাই রাজপথের ভয় দেখিয়ে বা কূটকৌশল অবলম্বন করে কোনো লাভ হবে না। জনগণই সকল শক্তির উৎস এবং তারাই সকল ষড়যন্ত্র রুখে দেবে।”
অনুষ্ঠানে ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

